চীনের সঙ্গে চার সমঝোতা স্মারক, নিউ মিডিয়ায় আসবে নতুন গতি: তথ্যমন্ত্রী

চীনের সঙ্গে চার সমঝোতা স্মারক, নিউ মিডিয়ায় আসবে নতুন গতি: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৫:৫৯

চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার খাতে স্বাক্ষরিত চারটি সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়া ও প্রযুক্তিনির্ভর গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সম্প্রতি চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার খাতে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের বিষয়ে ঐকমত্য হয়েছে। বিশেষ করে গণমাধ্যমে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে যৌথ গবেষণা ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, চীনের মতো প্রযুক্তিতে অগ্রসর দেশের সঙ্গে এ সহযোগিতা বাংলাদেশের নিউ মিডিয়ার দক্ষতা, উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট চারটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী ও দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। এর ফলে অর্থনীতি, প্রযুক্তি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য, চার দিনের চীন সফরে প্রধানমন্ত্রী দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন।