মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি

মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১১:১৭

মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, ভোরে মুন্সিগঞ্জ কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। পরে তাদের অনেককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।