২০২৬-২৭ বাজেটকে জীবনবান্ধব আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০২৬-২৭ বাজেটকে জীবনবান্ধব আখ্যা দিলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১২:৪২

আপডেট: ২৯ জুন, ২০২৬ ১৩:৫০

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়। তিনি বলেন, বাজেটের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে আশার সঞ্চার করতে পেরেছে সরকার। অতীতের বিতর্কের চেয়ে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা এখন বেশি জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণের জন্য স্বস্তি এনেছে। বাজেট ঘোষণার আগে বা পরে নিত্যপণ্যের দামে বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক অর্থনীতি গঠনের ভিত্তি। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করাই মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জনগণকে স্বস্তি দিতে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে।