গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়নের চেয়ারম্যান অগি ফাবেলা সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে স্মার্টফোনের দাম আরও সাশ্রয়ী করা প্রয়োজন।
তিনি বাংলালিংককে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের হাতে সহজে স্মার্টফোন পৌঁছে যায়।
এ সময় প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণে সাশ্রয়ী ইন্টারনেট অপরিহার্য।
বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।
আরো পড়ুন: