ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, “সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”
তিনি আরও বলেন, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে নিজেই তার মামলার মুখোমুখি হন এবং আইনি প্রক্রিয়ায় অংশ নেন।
চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে এসব মামলায় দ্রুত ফরমাল চার্জ দাখিল করা হবে।
রোববার এক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছর দেশে ফেরার ইঙ্গিত দেন। তবে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা চলমান রয়েছে।
গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দণ্ডাদেশ ঘোষণা করে।
আরো পড়ুন: