২৪ ঘণ্টায় হামে আরও ৪ প্রাণহানি, নতুন আক্রান্ত ১,১৪৫

২৪ ঘণ্টায় হামে আরও ৪ প্রাণহানি, নতুন আক্রান্ত ১,১৪৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৬:০১

আপডেট: ২৯ জুন, ২০২৬ ১৬:২৩

দেশজুড়ে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৪১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৫ জনে।

গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত দেশে মোট ১ লাখ ২১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে ৮৩ হাজার ৮০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮০ হাজার ১৯৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করা হয়েছে।