ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলাকেটে হত্যা, নারায়ণগঞ্জে স্ত্রী আটক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে গলাকেটে হত্যা, নারায়ণগঞ্জে স্ত্রী আটক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৬:১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক ব্যক্তিকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে ফতুল্লার দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত জাহাঙ্গীর আলম জনি ছিলেন মুন্নির দ্বিতীয় স্বামী। তিনি একসময় মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। সেই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন।

দাম্পত্য জীবনে তাদের একটি সন্তান রয়েছে। জনি ঢাকার একটি বেসরকারি হোটেলের বারে কর্মরত ছিলেন। অন্য এক নারীর সঙ্গে জনির সম্পর্ক রয়েছে—এমন সন্দেহকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ হতো বলে জানিয়েছে স্থানীয়রা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নি জানিয়েছেন, রোববার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ানো হয়।

পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা এবং দুই হাতের রগ কেটে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে ধারণা করা রক্তমাখা চাপাতি ও ছুরি জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।