ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
প্রতিকী ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৭:৩৯

সারাদেশে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন ডেঙ্গু রোগী। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে এবং শনাক্ত রোগী বেড়ে পাঁচ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন রয়েছেন।

একই সময়ে ডেঙ্গুতে মৃত পাঁচ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দু'জন, ডিএনসিসিতে একজন, ডিএসসিসিতে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ৪৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।