ঋণ খেলাপির হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত জানিয়েছেন, তার নির্বাচনী ফলাফলও প্রকাশ করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
মামলার নথি অনুযায়ী, ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে, গত ১৮ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। একই সময় আদালত নির্দেশ দেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।
এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ে স্পষ্ট হয়েছে, তিনি শপথ নিতে পারবেন না এবং তার ফলাফলও প্রকাশ করা যাবে না।
আরো পড়ুন: