কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৯ জুন) বিকেলে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ এর কাছে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেল সোয়া ৪টার দিকে মিয়ানমার দিক থেকে জেলের ছদ্মবেশে একজন ব্যক্তিকে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।
তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তার শরীর ও মাছের টুকরিতে লুকানো ছয়টি কার্টন থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাশেদুল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে মাছ ধরার জাল ও টুকরির ভেতরে লুকিয়ে বাংলাদেশে পাচার করতেন এবং তা উচ্চমূল্যে বিক্রি করতেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুন: