দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে

দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৩:২৩

আপডেট: ৩০ জুন, ২০২৬ ১৫:৩৫

দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমকে আইন ও নীতিমালা মেনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে আহ্বান জানাই তারা যাতে এ কাজটি না করে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে দণ্ড ও বিচারিক প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়।

তথ্য উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়। এরপর ১৭ নভেম্বর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিও একই ধরনের নির্দেশনা জারি করে।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে আইন মেনে চলতে হবে এবং এ ধরনের বিষয় প্রচারে দায়িত্বশীল হতে হবে।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হবে। পাশাপাশি তিস্তা প্রকল্প, টিসিবির কার্যক্রম এবং দুর্নীতি দমন কমিশনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তিনি।