এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কড়াকড়ি, ২০০ গজে প্রবেশে নিষেধাজ্ঞা

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির কড়াকড়ি, ২০০ গজে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৪:০৮

আপডেট: ৩০ জুন, ২০২৬ ১৫:৪০

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ নির্দেশনায় কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপি জানায়, পরীক্ষা চলাকালীন প্রতিদিন কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। নির্দেশনাটি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।