মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৫:৪৩

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল জানায়, আটটি অভিযোগের মধ্যে তিন নম্বর অভিযোগে ইনুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৬ ও ৭ নম্বর অভিযোগে এক লাখ করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। বাকি ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু হয় এবং ১১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং একই দিনে পরোয়ানা জারি করা হয়। ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ১৪ মে রায় অপেক্ষমাণ রাখা হয় এবং ৩০ জুন রায় ঘোষণা করা হয়।