খুচরা পয়সার অভাবে নির্ধারিত মূল্যের চেয়ে ৮০ পয়সা বেশি দিয়ে নিম্নমানের সিগারেট কিনতে হচ্ছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তার মতে, এ সমস্যার সমাধান হলে সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পেতে পারে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমির হামজা বলেন, বাজেট তখনই কার্যকর হবে, যখন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মতভাবে অর্জন করা সম্ভব হবে। তার দাবি, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্য অর্জন বর্তমান পরিস্থিতিতে কঠিন হতে পারে। এ কারণে বাজেটের আকার তুলনামূলক কম রাখারও পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বর্তমানে নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত মূল্য ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে ক্রেতাদের ৭ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে অতিরিক্ত ৮০ পয়সা সরকার রাজস্ব হিসেবে পাচ্ছে না।
এমপি আমির হামজা সরকারের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মূল্য নির্ধারণ বা খুচরা ব্যবস্থাপনায় সমাধান আনা গেলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
আরো পড়ুন: