বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে জনগণ এবং নিজস্ব স্বার্থ অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, তিস্তা নদী-তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণকে গুরুত্ব দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ কাজে চীনের প্রযুক্তিগত দক্ষতা ও অর্থায়নের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি জানান, প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার সরকারের রয়েছে। এ উন্নয়ন প্রকল্পে অন্য কোনো দেশের উদ্বেগ বা হস্তক্ষেপের সুযোগ নেই। তবে প্রতিবেশী কোনো দেশের যৌক্তিক নিরাপত্তা-সংক্রান্ত বিষয় থাকলে তা বিবেচনায় রেখেই বাংলাদেশ এগোবে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ এই নয় যে বাংলাদেশ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি থেকে সরে আসছে। তিস্তা, গঙ্গাসহ ৫৩টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের স্বার্থে নদী শাসন, ডাউনস্ট্রিম ব্যারাজ নির্মাণ এবং পানি সংরক্ষণের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।
ব্রিফিংয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার, দুর্নীতি দমন কমিশনের স্বাধীন ভূমিকা এবং নতুন তথ্য কমিশন গঠনের অগ্রগতি নিয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়।
আরো পড়ুন: