হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৬:৫২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭১৮ জনে।

এ সময়ে নতুন করে ১১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৬৬ জন। এছাড়া ৮২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৭৮১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের বেশিরভাগই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।