খুলনায় হত্যা মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

খুলনায় হত্যা মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৯:৫৩

আপডেট: ৩০ জুন, ২০২৬ ১৯:৫৩

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। 

আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ রায়ের তথ্য জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাসিন্দা মো. আকবর ফকির ও একই উপজেলার বান্দিকাটি গ্রামের বাসিন্দা ওবায়দুল্লাহ জোয়াদ্দার। রায় ঘোষণার সময় আকবর ফকির উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, গত ২০২১ সালের ০৩ নভেম্বর সন্ধ্যায় আসামি ওবাইদুল্লাহ ভিকটিম ইব্রাহীম মোড়ল মোবাইল ফোনে কথাবার্তা বলে গদাইপুর বাজারে একত্রিত হয়। বাজার থেকে বিস্কুট, চানাচুর, মুড়ি ও সেভেনআপ কিনে ভ্যানে করে পাইকগাছা থানার সলুয়া গ্রামের একটি বাঁশ বাগানে বসে খায়। সেখানে চোরাইকৃত ভ্যান বিক্রির টাকার হিসাব নিয়ে তাদের তিন জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। আসামি ওবায়দুল্লাহ হঠাৎ ইব্রাহিমকে মাটিতে ফেলে পিঠের ওপর উঠে বসে। আসামি মো. আকবর ফকির ও ওবায়দুল্লাহ দু’জনে গলায় গামছা পেঁচিয়ে শাসরুদ্ধ করে হত্যা করে ইব্রাহিমের লাশ পাশের একটি ডোবার মধ্যে ফেলে যায়। পরে তারা দু’জন পাঁচ হাজার টাকা ভাগাভাগি করে নেন।

লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় ২০২১ সালের ০৬ নভেম্বর পাইকগাছা থানার এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি থানার এসআই মুহা. আ. আলীম উল্লিখিত দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।