ডেঙ্গুতে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ২২:৫৯

আপডেট: ৩০ জুন, ২০২৬ ২৩:০১

সারাদেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৮০ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু'জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছেন।

একই সময়ে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।