ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষ: প্রাণ গেল একজনের, আটক ১৭

ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষ: প্রাণ গেল একজনের, আটক ১৭
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১১:২৪

ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হন। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ জন আহত হন এবং দু’জন গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুমন শেখ নামে একজনের মৃত্যু হয়। নিহত সুমন ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ কয়েকজন মারধর করেন। পরে বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার সন্ধ্যায় আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয় এবং পরে পাঁচ গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দীর্ঘ সময় ধরে মহাসড়কে সংঘর্ষ চলেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

তিনি আরও জানান, ঘটনায় একজন নিহত হয়েছেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।