উদ্বোধনের চার বছর পূর্ণ হওয়ার আগেই পদ্মা সেতু থেকে টোল আদায় ৩ হাজার ৪২৯ কোটি টাকার বেশি হয়েছে। একই সময়ে সরকারের ঋণের ১৬টি কিস্তিতে মোট ২ হাজার ৫১৬ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়।
২০২৬ সালের ২৯ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ২ কোটি ৬৮ লাখ ৬২ হাজার ৮০৮টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল বাবদ মোট ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা আদায় হয়েছে।
এ সময়ে ভ্যাট বাবদ ৪৩৬ কোটি টাকার বেশি পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণের কোনো কিস্তি বকেয়া নেই।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে। পাশাপাশি নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।
তিনি জানান, অর্থ বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদে ৩৫ বছরে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। প্রতি অর্থবছরে চারটি করে কিস্তিতে মোট ১৪০ কিস্তির মাধ্যমে এ অর্থ পরিশোধ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতুর নিরাপত্তা, আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ এবং স্বয়ংক্রিয় টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। পাশাপাশি ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করার কাজ চলছে।
আরো পড়ুন: