তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল নিকার

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল নিকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৪:৫৯

দেশে প্রশাসনিক সেবা আরও সম্প্রসারণে তিনটি উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।

অনুমোদিত নতুন তিনটি উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হিসেবে চট্টগ্রামের হালদা থানা গঠন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে নিকারের ১২১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, নিকার বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসব নতুন উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি রাজউক-নিয়ন্ত্রিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার অংশ ভেঙে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা গঠন করা হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।