রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের দায়িত্ব পালনে জবাবদিহি ও নৈতিকতা নিশ্চিত না হলে জনকল্যাণ অর্জন সম্ভব নয়।
বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আইসিইউ সুবিধা সম্প্রসারণ করা হবে। তবে শুধু অবকাঠামো বাড়ালেই হবে না, রোগীদের সঠিকভাবে দেখভালের দায়িত্ব চিকিৎসকদেরই নিতে হবে।
তিনি বলেন, "চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না। রোগীরা যেন যথাযথ চিকিৎসা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।"
সরদার সাখাওয়াত হোসেন আরও বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতা, জবাবদিহি এবং পেশাগত নৈতিকতার চর্চা নিশ্চিত করা না গেলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন সম্ভব হবে না।
তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে স্বাস্থ্য খাত দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে। এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরো পড়ুন: