আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ২১:১৮

জামালপুরে আদালত অবমাননার অভিযোগে সানজিদা ইসলাম নামের এক চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২৫০ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, 'বকশীগঞ্জ থানায় করা ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট দিয়েছিলেন চিকিৎসক সানজিদা ইসলাম। সমন জারি সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। গত ২৯ জুন আদালত তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন এবং বুধবার সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই আদেশ অমান্য করায় আদালত শাস্তিমূলক এ পদক্ষেপ নিয়েছেন।'

মামলায় ৮ আসামির মধ্যে একজন কারাগারে এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।