আদিবাসী শিশু বিথী ধর্ষণ-হত্যা, কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আদিবাসী শিশু বিথী ধর্ষণ-হত্যা, কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ২২:৪৫

শেরপুরে ২০১৩ সালে আদিবাসী শিশু বিথী দিওয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুঃসম্পর্কের মামা কান্তি মারাককে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে বিকেলে খেলতে গেলে বিথীকে কৌশলে ঘরে ডেকে নেয় কান্তি মারাক। শিশুটিকে ধর্ষণের পর ব্যথার তীব্র কষ্টে আত্মচিৎকারের চেষ্টা করলে তার নাক মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে কান্তি।

এ ঘটনায় ২০১৯ সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।