রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি সাততলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, দগ্ধদের হাসপাতালে আনার পর জরুরি বিভাগে ভর্তি দেওয়া হয়। তাদের মধ্যে জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থার কারণে জুয়েল ও রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পারভেজকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থার অবনতি হলে তাকেও আইসিইউতে নেওয়া হতে পারে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, তারা তিনজনই পান্থপথ এলাকার একটি ফার্নিচার দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। রাতে কাঁঠালবাগানের ওই ভবনের নিচতলায় ফার্নিচারের বার্নিশের কাজ করার সময় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে তারা দগ্ধ হন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে জুয়েলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বাংখালী গ্রামে, রানা ও পারভেজও একই এলাকার বাসিন্দা।
আরো পড়ুন: