স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন চান শিক্ষামন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন চান শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৪:১৭

আপডেট: ২ জুলাই, ২০২৬ ১৫:২২

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণে আনতে আইন প্রণয়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংবিধানে এ বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করতে পারে, যা আইনের পরিপন্থি নয়।

শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা থাকলে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক ধরে রাখা সহজ হবে এবং শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা আসবে।

অনুষ্ঠানে তিনি জানান, সরকার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আপিল বিভাগের রায়ে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই।