নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা: প্রধানমন্ত্রী

নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণা: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৪:৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু ইতিহাসের অংশ নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অবিচ্ছেদ্য উৎস এবং আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি সমাজে কিছু ক্ষণজন্মা মানুষ থাকেন, যারা সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক জীবনে গভীর প্রভাব রাখেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেমনই একজন অনন্য ব্যক্তিত্ব।

তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্যের বার্তা এবং মানবিক মূল্যবোধকে শক্তভাবে তুলে ধরেছে। তার কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে নজরুলের রচনা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি নজরুলের কবিতা ও গানকে নৈতিক মূল্যবোধ গঠনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নজরুল শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের জন্যও প্রাসঙ্গিক। সমাজে বৈষম্যহীনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে তিনি ‘নজরুল বর্ষ’ সফলভাবে বাস্তবায়নের জন্য সারাদেশে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নাট্যোৎসব ও নজরুল সংগীত আয়োজনের আহ্বান জানান।

এ সময় বিশেষ স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করা হয়। ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পীরা যুক্ত ছিলেন।