তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১৫:২৪

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে সহায়তা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি জানান, বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুতই প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাবে। তবে এর আগে একটি কার্যকর সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন করা প্রয়োজন।

ইয়াও ওয়েন বলেন, নদীর অববাহিকায় কিছু জটিল পরিস্থিতি রয়েছে, তাই প্রকল্প শুরুর আগে সঠিক মূল্যায়ন জরুরি। চীনের মূল লক্ষ্য হলো একটি কার্যকর ও টেকসই পরিকল্পনা নিশ্চিত করা।

রাষ্ট্রদূত আরও বলেন, এই প্রকল্প বাংলাদেশের মানুষের, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই পারস্পরিক স্বার্থে চীন এ উদ্যোগে সহায়তা দিতে আগ্রহী।

তিনি চীন-বাংলাদেশ সম্পর্ককে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেন এবং বলেন, দুই দেশের কৌশলগত সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে।