দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩১ শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ শিশু। এ সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত সাড়ে তিন মাসে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ১২ হাজার ২৮৬ জনের শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছে।
একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৮৬ হাজার ৪১১ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এই রোগের জটিলতা বেশি দেখা দেয়। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
আরো পড়ুন: