তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ২১:৫৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি।'

বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা ও জাতীয় সংসদে তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, 'বর্তমান সরকার দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার, এ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।'

তিনি বলেন, 'তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির সঙ্গে গভীর ভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী। এটি কেবল একটি প্রাকৃতিক জলধারা নয়, বরং কৃষি উৎপাদন, মৎস্য সম্পদ, পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।'

এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।