রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ও তার বাবা নির্মল চন্দ্র সরকার (৭০)। তারা উপজেলার পশ্চিম মান্দ্রাইন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইবাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের ওপর শুকাতে দেওয়া ধানের খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রশান্ত চন্দ্র সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র সরকারকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার (৭) গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, 'ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।'
আরো পড়ুন: