বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার পথে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার পথে ট্রাকচাপায় ২ বন্ধু নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১৭:০৪

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোলেমান সিকদার (২২), শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। তারা ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে। 

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেলযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেলযোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'