ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে আশাবাদ স্পিকার হাফিজ উদ্দিনের

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে আশাবাদ স্পিকার হাফিজ উদ্দিনের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১২:০৩

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়িত হলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তিনি তেহরান সফর করেন এবং সেখানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। পরে তিনি শোক বইতেও স্বাক্ষর করেন।

শনিবার (৪ জুলাই) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্পিকার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বয়ে আনবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

সফরকালে স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইরানে ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয় এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকের আগ্রহ প্রকাশ করা হয়।

এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তিনি বাংলাদেশের সঙ্গে ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্ব্যক্ত করেন এবং গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ইরানে অবস্থানকালে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকেও সাক্ষাৎকার দেন এবং প্রবাসী বাংলাদেশিদের সেবা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।