২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ৮৩৩ শিশু, মৃত্যু ২

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ৮৩৩ শিশু, মৃত্যু ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৬:২৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮৩৩ শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৪ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০১ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৩২ জন। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ৮৩৩।

এ সময়ে নতুন করে ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনে। এদের মধ্যে ১২ হাজার ৫২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে চিকিৎসা শেষে ৮৪ হাজার ২১৮ জন বাড়ি ফিরেছেন।