বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৬:৪৫

বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো একক আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আর এজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।

তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি, বিভাজন ও অগভীর আলোচনা বাড়ছে। এমন বাস্তবতায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ সময়ের দাবি। তার মতে, আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখতে পারে।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সব ধরনের বৈচিত্র্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসেবে প্রত্যেকে নিজ নিজ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে এবং সুস্থ ধারায় মতের আদান-প্রদান নিশ্চিত হবে।

চার ভাষা—বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কিতে জার্নালটি প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির পারস্পরিক বিনিময় আন্তর্জাতিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। এছাড়া দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, শিক্ষা, গণমাধ্যম, প্রযুক্তি ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।