১০-১২ সপ্তাহের মধ্যে সব উপজেলায় চালু হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

১০-১২ সপ্তাহের মধ্যে সব উপজেলায় চালু হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৭:৩১

আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পুরো কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং উপকারভোগীদের কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কাউকে কোনো দপ্তরে ঘুরতে হবে না। সরকার নিজ উদ্যোগে উপকারভোগীদের বাড়িতে কার্ড পৌঁছে দেবে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন; তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।