দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫০ জন, বরিশাল বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে ৭ জন রয়েছেন।
চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৫৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন এবং গত জুন মাসে সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। একই সময়ে ৬ হাজার ১৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক বছরে দেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় ৪১৩ জনের।
আরো পড়ুন: