ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করল সরকার

ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করল সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৩:০৪

আপডেট: ৫ জুলাই, ২০২৬ ১৩:০৯

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (০৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য ও বার্তা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।