সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে কর্তব্য পালনকালে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদেরও স্মরণ করেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পিজিআরের বিকাশ ও নতুন রূপ লাভ করে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও তিনি উল্লেখ করেন।
বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন, যেখানে পিজিআরের পাঁচজন সদস্যও শহিদ হন।
তিনি আরও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
আরো পড়ুন: