ডাক্তার-নার্সরা যোগ্যতার প্রমাণ দিয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তার-নার্সরা যোগ্যতার প্রমাণ দিয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৪:০৬

আপডেট: ৫ জুলাই, ২০২৬ ১৪:১০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের স্বাস্থ্যখাতে সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ডাক্তার ও নার্সরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গড়ে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। একজন চিকিৎসকের পক্ষে একসঙ্গে ২০ থেকে ৪০ জন রোগীর সঠিকভাবে সেবা দেওয়া অত্যন্ত কঠিন। তবুও চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, চিকিৎসকরা মানবসেবায় নিবেদিত এবং দেশের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিজ্ঞানী ও গবেষকদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দিতে প্রস্তুত। একটি সুস্থ জনগোষ্ঠী ছাড়া শক্তিশালী অর্থনীতি গঠন সম্ভব নয়।

তিনি দেশীয় উদ্ভাবনের প্রশংসা করে বলেন, নিউমোনিয়া আক্রান্ত নবজাতকের জীবন রক্ষায় সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা মাত্র ৩০০ টাকায় কার্যকর সেবা দিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় প্রযুক্তি ও গবেষণাকে এগিয়ে নিতে হবে। সরকার এ ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।