দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১ শিশু।
রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯২৫ শিশু। এ সময় নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন বাড়ি ফিরেছেন।
আরো পড়ুন: