ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজা শেষে দেশে ফিরলেন স্পিকার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১০:৫৯

ইরানের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। গতকাল রাত ১১টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে ২ জুলাই স্পিকার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি ইরানের রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজিত শোক ও জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি নিহত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। একই সঙ্গে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।

সফরকালে স্পিকার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

স্পিকারের এ সফরকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।