চলতি মাসের মধ্যে দেশের সব ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। এ সময় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আগামী সাত দিনের মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে ট্যাবলেট সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালে পর্যাপ্ত বেড ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের কোনো ঘাটতি নেই, বরং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বর সেরে গেলেও চিকিৎসক সন্তুষ্ট না হলে কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। প্লাজমা লিকেজের সম্ভাবনা থাকলে সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি আগের বছরের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম সফল হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া তিনি ঘোষণা দেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী। এদের অধিকাংশই মিডওয়াইফারি খাতে কাজ করবেন বলে জানান তিনি।
আরো পড়ুন: