মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে অজানা গাছের ফল খেয়ে অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) বিকেলে শিশুরা খেলতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের ফল খায়। কাঠবাদাম ভেবে তারা জিয়ালা গাছের মিষ্টি স্বাদের ফল খেয়ে ফেলে।
বাড়ি ফেরার পরই শুরু হয় অসুস্থতা। অনেক শিশুর পেটে তীব্র ব্যথা ও বমি দেখা দেয়। পরে অভিভাবকরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে রয়েছে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০), ফুয়াদ (১২) ও মোস্তাকিম (৯)।
শিশু ফুয়াদ জানায়, খেলার সময় বন্ধুরা গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। প্রথমে ভালো লাগলেও পরে বাড়ি ফেরার পরই বমি ও পেটব্যথা শুরু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তারা পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয়দের মতে, জিয়ালা বা বার্বাডোজ নাট নামে পরিচিত এই গাছের ফল ও পাতা খেলে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। সাধারণত এই গাছ গরু-ছাগলও খায় না, তাই এটি বেড়া তৈরিতে ব্যবহৃত হয়।
ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: