তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৩:৪৬

আপডেট: ৬ জুলাই, ২০২৬ ১৩:৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

হুমায়ুন কবির আরও জানান, সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। ঐতিহ্যগতভাবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্সের সফরের আগ্রহ এবং প্রধানমন্ত্রীর সৌদি সফরের আমন্ত্রণ—দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্ভাব্যভাবে গ্রীষ্মের পর এ সফর অনুষ্ঠিত হতে পারে।

এছাড়া রাষ্ট্রদূত জানান, সৌদি ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন এবং উপযুক্ত সময়ে তিনি ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।