দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৪৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষায় ১২ হাজার ৭৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরো পড়ুন: