খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজনকে অস্ত্রধারীরা সঙ্গে করে নিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের পূজগাঙ মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ ব্যক্তি একটি ইজিবাইকে (টমটম) করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর বাকি দুইজনকে অস্ত্রধারীরা সঙ্গে করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, পাহাড়ে সক্রিয় দুটি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির জেরে এ হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে কোনো সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এখন পর্যন্ত এ দাবি নিশ্চিত করেনি।
ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন: