কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৭:৪০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপচালক খোকন (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের। ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে গরুবোঝাই তিনটি পিকআপভ্যান কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল, যার মধ্যে সামনে থাকা পিকআপটি বাসের সাথে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী। আহত দু'জন বাসের চালক ও তার সহকারী। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি স্বীকার করেছেন।