জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যকর্মী কম, উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রীর

জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যকর্মী কম, উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১২:৫০

দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা। এ সংকট মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং উদ্ভাবনভিত্তিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম। এটি স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।”

তিনি জানান, সরকার স্বাস্থ্যখাতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। তার মতে, তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়লে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা আরও উন্নত হবে।

ডেঙ্গু পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসক ও ওষুধ শিল্প আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে উদ্ভাবন, দক্ষ জনবল তৈরি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।