সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, “গতকালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই। সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তার করা।”
নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক নেতা হিসেবে এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করি।”
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার পর এখনও ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি। তদন্ত একটি চলমান প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
তিনি বলেন, “সব ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।”
সরকারের অবস্থান ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বর্তমান সরকার এ ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, বিস্ফোরণের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, ঘটনাটি প্রশাসনের সহযোগিতায় ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিকল্পিতভাবে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল। এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাধীনভাবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আরো পড়ুন: